রবিবার, ৯ জুলাই, ২০১৭

নিমজ্জন


অনিদ্রার চোখ যদি একে বারে ঘুমিয়ে যায়!
দেয়ালে ঝুলানো ফ্রেমে বাঁধা ছবি হয়ে যাই যদি
তবে আষাঢ়ের বৃষ্টিতে হতে পারে এ আমার শেষ ভেজা।
শ্রাবণে পদ্মায় কোষা নৌকায় শুয়ে
এ হয়তো আমার শেষ জোছনা যাপন।
হয়তো শরতের মেঘে এটাই আমার শেষ ভেসে বাড়ানো।
আশ্বিনে কুয়াশার চাদর গায়ে গাঁয়ের মেঠো পথে
আমাকে হয়তো দেখবে না কেউ আর কোন দিন,
বসন্তের বাতাসে শুনবেনা হয়তো আমার গাওয়া গান।
হতে পারে এ আমার শেষ প্রমত্ততা
হতে পারে এ আমার শেষ কবিতা।
আমাকে আর আমার মাঝে খুঁজতে এসো না তুমি
আমি অনেক আগেই হারিয়ে গেছি তোমার মাঝে
এ শুধুই আনুষ্ঠানিকতা মাত্র...............

মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭

কোনো এক মেঘকে

ভালবেসে হয়তো কেউ আকাশ বলে তোমায়
কেউ বা হয়তো বলে নদীর ঢেউ ।
আমি তোমায় মেঘ বললে ভুল কি বলবে কেউ
আকাশ হয়তো প্রশস্ত খুব ওড়াও যায় সহজে
ভালবাসায় সিক্ত এ মন মেঘই কিন্তু ভেজালে।
হয়তো তুমি আকাশ হবে অন্য কারো ভুবনের
অথবা নদীর ঢেউ হয়ে আছড়ে পরবে দু'কুলের।
আকাশ কি আর অসীম বলো পৃথিবী তার সীমানা
ঢেউ যতোই আছড়ে পড়ুক নদীকে পেরুতে জানেনা।
যে তোমাকে ভালবাসে সে একথা জানে
তুমি কেবল ভেসেই চলো প্রবল প্রেমের টানে।
পৃথিবী বা নদীরর মতো তৈরি করলে সীমানা
এই জনমে তোমার মনের ছোঁয়া পাওয়া যাবেনা।
মেঘের মতো তুমি যখন ঘুরবে সবার মন আকাশ
আমিও তোমার সাথেই রবো হয়ে মৃদু বাতাস।
যদি ঢেউ হয়ে আছড়ে পড়ে হও কখনো ক্লান্ত
সাগর হয়ে পাশেই রবো করতে তোমায় শান্ত।

ভালবাসা



কিছু ভালবাসা থাকে যা যৌক্তিকতা জানেনা।
কিছু ভালবাসাতো সমাজ-নমাজও মানেনা।
কিছু ভালবাসা থাকে এমন
যাকে অন্ধ বলতেও থাকে অন্ধের আপত্তি ।
কিছু ভালবাসা হয়ে ওঠে এমন
যাকে সম্পদ নয় বলতে ইচ্ছে করে সম্পত্তি।
কিছু কিছু ভালবাসাতো এমনও হয়
যখন নিজেকেই ভুলে বসে সবাই।
কিছু কিছু ভালবাসা নিয়ে অনায়াসে করা যায় বড়াই।
কিছু কিছু ভালবাসাতে আবার থাকে পূর্বজন্মের ঘ্রাণ।
তেমন কিছু ভালবাসা আবার হয়ে পরে এ জন্মেরও প্রাণ।
কিছু কিছু ভালবাসার নাকি থাকে না কোন নাম।
তেমন কিছু ভালবাসার বলতে পারো দাম?
নামহীন এমন সম্পর্কের নাম শুনেছো তুমি?
আছে কিছু ভালবাসা স্বপ্নের চেয়েও দামি ।
যুক্তিহীন,অন্ধ, আর পূর্বজন্মের ঘ্রাণে
ভাসিয়ে দেবো সমাজ- নমাজ ভালবাসার টানে।

সোমবার, ৩ জুলাই, ২০১৭

তেষ্টা

কি করেছি বলতে পারো ভালবাসা ছাড়া?
আর কি আছে এমন কিছু দিয়ে যায় সব নাড়া?
মন্ত্র পড়ে দোয়া জপে যে সম্পর্কের শুরুটা
তোমাদেরি মোবারক হোক ওসব জটিলতা।
আমি ভাই বিন্দাস লোক ওসবের ধারধারি না
আমার কাছে মনটাই সব আর কিছুকে মানিনা।
কাগজ পত্র সাক্ষী সমাজ সবটাই এক ধাঁধাঁ
ধরে থাকলে এসব কিছু হবে মস্ত গাধা।
কাগজপত্র কোন জনমে বেঁধেছে কার মনটা?
মনটাই যে সম্পর্কের আসল কারিগরটা।
বিশ্বাসের বড় কি আর ধর্ম আছে জানো?
আস্থা আর সম্মানও যে সম্পর্কের আলো।
ঈশ্বরেরই অনুগ্রহে লভিনু যে সম্পর্ক
তা দিয়েই নিজ চেষ্টায় তেষ্টা মিটাই ছাড়াই কোন তর্ক।
তর্কে নাকি তর্ক বাড়ে, চলো তেষ্টায় বাড়াই চেষ্টা
সম্পর্কে তেষ্টা থাকলে ভালোই হবে শেষটা।

রবিবার, ২ জুলাই, ২০১৭

অস্তরাগে



বিচলিত বাতাস আমায় বিমোহিত করে তোলে
আমি অনুভব করি বহু দূরে সমুদ্রের গর্জন
বাতাসের প্রতিধ্বনিতে আমি শুনতে পাই সে ধ্বনি ।
কখনো মনে হয় বাইরে...
কখনো মনে হয় নিজের ভেতরেই টের পাচ্ছি তা ।
সময় বাড়তে থাকে আর এক অদৃশ্য ভয়ে তাড়িত হই আমি
মনে হয় আমি যেন সব ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছি......
অথবা আজন্মকাল দূরেই ছিলাম ।
দৃষ্টি যেন দৃষ্টির সীমানা পেরিয়ে যেতে চায় দূরে........
বহু দূরে......
মন শুধু আওড়ে চলে
"হেথা নয় হেথা নয়
অন্য কোথাও
অন্য কোন খানে"।