অনিদ্রার চোখ যদি
একে বারে ঘুমিয়ে যায়!
দেয়ালে ঝুলানো
ফ্রেমে বাঁধা ছবি হয়ে যাই যদি
তবে আষাঢ়ের
বৃষ্টিতে হতে পারে এ আমার শেষ ভেজা।
শ্রাবণে পদ্মায়
কোষা নৌকায় শুয়ে
এ হয়তো আমার শেষ
জোছনা যাপন।
হয়তো শরতের মেঘে
এটাই আমার শেষ ভেসে বাড়ানো।
আশ্বিনে কুয়াশার
চাদর গায়ে গাঁয়ের মেঠো পথে
আমাকে হয়তো দেখবে
না কেউ আর কোন দিন,
বসন্তের
বাতাসে শুনবেনা হয়তো আমার গাওয়া গান।
হতে পারে এ আমার
শেষ প্রমত্ততা
হতে পারে এ আমার
শেষ কবিতা।
আমাকে আর আমার
মাঝে খুঁজতে এসো না তুমি
আমি অনেক আগেই
হারিয়ে গেছি তোমার মাঝে
এ শুধুই
আনুষ্ঠানিকতা মাত্র...............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন