শুক্রবার, ১৬ জুন, ২০১৭

নৈঃশব্দ্য নিক্বণ

তোমার জানা হবে না কখনোই-
কী করে দীর্ঘ নির্ঘুম রাত আমি কাটিয়েছি তোমায় ভেবে।
তবু তোমার ভাবনায় মগ্ন সেই রাত গুলোকেও খুব দীর্ঘ মনে হয়
আমার এই একটা জীবনের কাছে ।

তোমার জানা হবেনা কখনোই-
কেমন করে সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে রাত পেরিয়ে যায়
তবু তোমার জন্য আমার প্রতিক্ষা শেষ হয় না ।

তোমার জানা হবেনা কখনোই-
আমার শরীরে কেমন করে রক্ত বিন্দুর মতো তুমি প্রবাহিত হও ,
তোমার সঞ্চালন আমাকে কেমন করে বাঁচিয়ে রাখে প্রতিনিয়ত ।

তোমার জানা হবেনা কখনোই-
কীযে তীব্র আসক্ত আমি তোমাতে ,
তোমাকে পাবার নেশায় আমি নেশাসক্তের মত হয়ে উঠি উন্মাদ ।
এই উন্মাদনা আমাকে না দেয় বাঁচতে না দেয় মরতে ।

তোমার জানা হবে না কখনোই-
কীযে সর্বনাশ আমি করে বসেছি নিজের !
যেই তোমাকে পাওয়া এ জন্মে স্বপ্নাতীত,সেই তোমার কাছেই
সর্বস্ব হারিয়ে হয়েছি সর্বসান্ত ।

তোমার জানা হবেনা কখনোই-
শুধু তোমাকেই ভাববো বলে সংসারে থেকেও আজ আমি সন্যাসী ।
তথাকথিত প্রেম কাম আর মোহো থেকে নিজেকে সরিয়ে এনেছি
যোজন যোজন দূরে ।

তোমার জানা হবেনা কখনোই-
তোমাকে ভালবেসে কী করে নিজেকেই নিজের কাছ থেকে করেছি নির্বাসিত ।
কি যে ভাল তোমায় বাসি
তোমার জানা হবেনা কখনোই-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন