রবিবার, ২ জুলাই, ২০১৭

বাঁধন

আমি খুব সাজিনি সেদিন,তুমি ও না
হাত ভরা ছিলোনা মেহেদী, গা থেকে আসেনি
হলুদ আর চন্দনের সুবাস।
রাজকীয় খাবারের কোন ঘ্রাণ ভেসে বেড়ায়নি সমস্ত পাড়া জুরে।
সারা ঘর ভরা ছিলো না স্বজনদের অকারণ উল্লাস!
গোলাপ রজনীগন্ধা আর নাম না জানা ফুলে
বন্ধুরা দেয়নি বাসর সাজিয়ে ।
কোন দুর্বোধ্য ভাষায় কেউ মন্ত্র পরে বলে দেয়নি –
আজ থেকে তোমারা এক হলে !
ওঠেনি কোন লেনদেনের কথা,
শর্ত সাপেক্ষে কেউ ঠেলেও দেয়নি ভবিষ্যতের দিকে ।
তবু আমি তোমার হয়েছি,কেবল তোমারি ।
ঠিক সময় দিন তারিখ মাস বা বার আমার মনে নেই-
মনে আছে কেবল বলেছিলাম ভালবাসি ।
আর তার পর .......
আমার অতীত, বর্তমান, ভবিষ্য, সুখ,দু:খ,আশা, নিরাশা সব যেন
এক বিন্দুতে এসে দাড়াঁয় যার নাম তুমি ।
আমি বাঁধা পড়লাম এক নতুন বাঁধনে।
নিজের সমস্ত জীবনকে প্রমান রেখে তোমাকেই সাক্ষী মেনে 
জন্মান্তরের বাঁধনে বাঁধা পড়লাম আমি ।
বাইরে নয় ; সানাইয়ের সুর শুনেছি নিজের ভেতরেই,
শুভ দৃষ্টি বিনিময় তারো বহু পরে।
আইন আর ধর্ম যেখানে ইতি টেনেছে
প্রচলিত সমাজ ব্যবস্থা যেখানে অচল-আমি ঘর বেঁধেছি সেখানে ।
নিয়ম কানুনের গন্ডি পেরিয়ে আমি চলে এসেছি বহু দূরে।
তবু শুনি সানাইয়ের সুর
কেবল সানাইটা একটানা বেজেই চলে কাছে অথবা দূরে.........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন